আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "বিগত ১১ বছর ধরে সরকারি চাকরিতে কোনো নতুন পে-স্কেল কার্যকর হয়নি। এই দীর্ঘ সময়ে নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের আয় বাড়বে, যা পরোক্ষভাবে প্রশাসনের দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।"
বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, "কর্মসংস্থানের বিষয়টি এবারের বাজেটে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। আমরা বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বিশেষ করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে 'স্কিল ডেভেলপমেন্ট' সংক্রান্ত বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। কারণ একজন দক্ষ কর্মীর জন্য দেশ ও বিদেশের বাজারে চাকরির সুযোগ পাওয়া অনেক সহজ।"
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসের বৃহত্তম এবং ৫৫তম জাতীয় বাজেট। একইসঙ্গে এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার অঙ্গীকার করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments