হরমুজ প্রণালির ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবার (১২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই শোক প্রকাশ করেন।
এক্সে বাঘায়েই বলেন, "ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর এই নিষ্ঠুর হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র সশস্ত্র ডাকাতি ও রাষ্ট্রীয় জলদস্যুতার নীতি গ্রহণ করেছে।" তিনি নিহত ভারতীয় নাবিকদের পরিবার, স্বজন ও ভারত সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন বেপরোয়া আচরণের কারণে বিশ্বশান্তি ও সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। তাই এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুক্তরাষ্ট্রের জবাবদিহিতার দাবিও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার (১০ জুন) ওমান উপকূলে একটি পালাউ-পতাকাবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাহাজটিতে থাকা ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয়। হামলার পর ৩ ভারতীয় নাবিক নিখোঁজ হন। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচলমন্ত্রী নিশ্চিত করেন যে নিখোঁজ ওই তিন নাবিক নিহত হয়েছেন।
সূত্র: ফার্স্টপোস্ট
মানবকণ্ঠ/আরআই




Comments