Image description

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের মহানাটকীয় দিনে সব সমীকরণ মিলিয়ে দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের ক্লাব ক্রিকেটের শীর্ষ এই আসরে সবশেষ ২০০৯-১০ মৌসুমে শিরোপার স্বাদ পেয়েছিল তারা। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এটি মোহামেডানের দশম শিরোপা।

শুক্রবার (১২ জুন) লিগের শেষ দিনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল তিনটি দল। মোহামেডানের সামনে সমীকরণ ছিল—নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে অন্য মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হারের। বৃষ্টিবিঘ্নিত দিনে ঠিক এই সমীকরণটিই মিলে যায়; নিজেদের ম্যাচে মোহামেডান জেতার দিনে হেরে বসে প্রাইম ব্যাংক।

বিকেএসপির ৩ নম্বর মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪০৬ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় মোহামেডান।

জবাবে রান তাড়া করতে নেমে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলার পর বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আর খেলা চালানো সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

মোহামেডানের জয়ের পাশাপাশি সবার চোখ ছিল পাশের মাঠে, যেখানে ঢাকা লেপার্ডসের মুখোমুখি হয়েছিল শিরোপার অন্যতম দাবিদার প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।

জবাবে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করার পর বৃষ্টি হানা দেয়। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ডিএলএস পদ্ধতিতে ঢাকা লেপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়। প্রাইম ব্যাংকের এই হারে নিশ্চিত হয় মোহামেডানের চ্যাম্পিয়নশিপ।

১১ ম্যাচের লিগ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সমান ৮টি করে জয়ে ১৬ পয়েন্ট পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে মুখোমুখি লড়াইয়ের (হেড টু হেড) সমীকরণে এগিয়ে থেকে রানার্স-আপ হয়েছে আবাহনী লিমিটেড।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকায় এই ঐতিহাসিক মুহূর্তে দলের সঙ্গে থাকতে পারেননি মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। দূর থেকেই আবেগ ধরে রাখতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন:

"১৬ বছর পর!! হ্যাঁ, দীর্ঘ ১৬ বছর পর আবার চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমার খুব ইচ্ছে ছিল এখন দলের সঙ্গে থাকার। আমি ওদের খুব মিস করছি, মিস করছি চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন আর অবশ্যই মিস করছি ট্রফিটা। দলের অধিনায়ক হিসেবে আমি ওদের জন্য অত্যন্ত গর্বিত... আনন্দের এই মুহূর্তে আমিও দূর থেকে ওদের সাথেই চোখে জল ফেলছি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল ভক্ত-সমর্থকদের অনেক অনেক অভিনন্দন।"

এদিকে ক্লাবের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এক বার্তায় বলা হয়, "অত্যন্ত আনন্দ ও উল্লাসের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২০২৬ সিজনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে পরাজিত করে একটি গৌরবময় চ্যাম্পিয়নশিপ জয় অর্জন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ, সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা ও সমর্থকদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।"

মানবকণ্ঠ/আরআই