প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকালে এক বিশেষ সফরে তিনি সৈকত শহরে পৌঁছান। শহীদ রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত খাল খনন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ দিনভর তাঁর একাধিক রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে যান। সেখানে সকাল সাড়ে ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং এক পথসভায় অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। এরপর সোয়া ১২টায় মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। দুপুর সোয়া ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। পেকুয়ায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক হয়ে সাগর সৈকত পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় হোটেল লং বিচ অডিটোরিয়ামে স্থানীয় সুধী সমাবেশে অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে রাত ১০টায় পুনরায় আকাশপথে ঢাকার উদ্দেশ্যে তাঁর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments