মিঠাপুকুরে চালককে কুপিয়ে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক
রংপুরের মিঠাপুকুরে মিশুক চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে আপি বেগম (২৬) নামে এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত আপি বেগম উপজেলার আলীপুর নয়ারহাট গ্রামের মোঃ লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত মিশুক চালক মোঃ আক্তার হোসেন (৩৮)-কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা বাজার থেকে আপি বেগমসহ তিন ছিনতাইকারী যাত্রীবেশে আক্তার হোসেনের মিশুক ভ্যানে ওঠে। ভ্যানটি বালারহাটের কয়েরমারী গ্রামের উল্লাগাড়ী পাথারের নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। চালক বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারালো ছোরা দিয়ে তার মাথা, ঘাড় ও হাতে উপুর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। আক্তার হোসেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে প্রায় ৪০০ গজ দূর থেকে ছিনতাই হওয়া গাড়িটিসহ আপি বেগমকে ধরে ফেলে। তবে তার দুই সহযোগী মোঃ আশরাফুল ইসলাম (৩৩) ও মোঃ রিয়াদ (২৩) পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা নারী ছিনতাইকারীকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক নারীকে থানা হেফাজতে নেয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে উপজেলায় অটো ও মিশুক ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছিল। এই নারী সদস্য আটকের পর জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, আটক নারী পুলিশ হেফাজতে রয়েছে। এই চক্রের বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments