ঘোড়াঘাটে নিখোঁজ দুই কিশোর উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর
দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ হওয়ার একদিন পর দুই কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার জালালপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. তুহিন মিয়া এবং তার বন্ধু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়গ্রাম এলাকার মো. রাফিউল ইসলাম (১২) গত ১৪ জুন সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ওই দিনই ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৮৪) করেন তুহিনের বাবা আব্দুল হাকিম।
জিডির সূত্র ধরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই সাইফুল আলম ও এসআই ওয়াজিদ উল্লাহ সিদ্দিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর ১৫ জুন ঘোড়াঘাট পৌর এলাকার কুণ্ডু মার্কেট সংলগ্ন গাইবান্ধা মোড় থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা পাওয়া যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডায়েরি হওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল। দ্রুততম সময়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments