Image description

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান-কে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনেরজ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। এ বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।

তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও তিনি ভারতে না থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

রোববার রাতেই তিনি দিল্লি থেকে কলম্বো-র উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ঘটনাটি বাংলাদেশ-ভারত কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।