Image description

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্রের কোড, কেন্দ্রের নাম, ভেন্যু এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় সব তথ্য উন্মুক্ত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার মধ্যে মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা-১ (আমুলিয়া), ডেমরা-২ (দারুন্নাজাত), উত্তরা, সাভার ও ধামরাইসহ বিভিন্ন অঞ্চলে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলার আলিম পরীক্ষার কেন্দ্রের নাম ও কোড প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নির্দেশনা চূড়ান্ত করা হয়েছে। সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে উত্তরপত্র নির্ধারিত নিয়মে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কেন্দ্র তালিকায় ঢাকা মহানগরীর উত্তরা অঞ্চলের ঢাকা উইমেন্স কলেজ এবং খিলক্ষেতের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজউক উত্তরা মডেল কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আলাদা কেন্দ্র ও আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই