ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে সেটিকে সমৃদ্ধশালী করাই আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "বিদ্যমান আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা যেন ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকার এই কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।"
একই বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি। এই কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এটি পর্যালোচনা করা হবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি যুক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাই সরাসরি এই কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments