Image description

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির পর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রেক্ষাপটে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে জামালুন্নেসা দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে স্বাক্ষর করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত এবং প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি ব্যবস্থা জোরদার ও প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ চলছে বলে জানানো হয়। হাসপাতালের অক্সিজেন সরবরাহ ও বায়ু চলাচল ব্যবস্থা উন্নত করতে বিশেষজ্ঞদের মাধ্যমে কাজ করা হচ্ছে এবং কিছু স্থাপনা ব্যবহারে পরিবর্তন আনা হয়েছে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে তাদের অধীনে একাধিক হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজসহ বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তির শেষে কর্তৃপক্ষ মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মানবকণ্ঠ/আরআই