Image description

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে বাল্যবিবাহ রোধে বিদ্যমান আইনের ফাঁকফোকর বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় সংশোধিত আইনের খসড়া প্রণয়নের কাজ চলছে।

মন্ত্রী বলেন, বর্তমানে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা রোধে ডিজিটাল জন্মনিবন্ধন যাচাই বাধ্যতামূলক করা হবে। এতে বিয়ের সময় বয়স যাচাই আরও নির্ভুল ও কার্যকর হবে।

তিনি আরও জানান, বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার করে বাল্যবিবাহের সুযোগ নেওয়া হয়। নতুন সংশোধনীতে এসব আইনি দুর্বলতা দূর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিয়ে সম্পন্ন হওয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে চ্যালেঞ্জ তৈরি হয়। তাই এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।

মানবকণ্ঠ/আরআই