Image description

বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে অমানুষিক নির্যাতন ও বসতঘর ভাঙচুর করার অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) সকালে গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পারলেই তিনি নিয়মিত মা-বাবাকে মারধর এবং ঘরবাড়িতে তাণ্ডব চালাতেন। তাকে সুস্থ করতে পরিবার ছয় মাস রিহ্যাব সেন্টারেও রেখেছিল। এর আগে জমি বিক্রি করে তাকে বিদেশে পাঠানো হলেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় তিনি দেশে ফিরে আসেন।

মঙ্গলবার সকালে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বিকাশকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

মানবকণ্ঠ/ডিআর