‘তারেক রহমান আইলেও কাম হইব না’, ফোনালাপ ফাঁসের পর ছাত্রদল নেতা বহিষ্কার
গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবি ও দলীয় নেতৃত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সম্বলিত ফোনালাপ ফাঁসের পর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (১৫ জুন) রাতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ফোনালাপে তিনি ওই ব্যক্তির কাছে আট হাজার টাকা দাবি করেন এবং পূর্বের ছোট অংকের কিছু লেনদেনের কথা উল্লেখ করেন।
কথোপকথনের একপর্যায়ে রাতুলকে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না।’ তিনি আরও বলেন, ‘এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না।’ পুরো ফোনালাপে তিনি নিজের এলাকায় একচ্ছত্র আধিপত্যের দাবি করেন এবং আঞ্চলিক ভাষায় উত্তেজিত ও হুমকিমূলক কথা বলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রাতুল শিকদার অমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘অডিও রেকর্ডটি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় রাতুল শিকদারকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনে কোনো চাঁদাবাজ বা বিশৃঙ্খলাকারীর জায়গা হবে না।’
এই ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝেও বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments