Image description

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই তিনি দেশব্যাপী তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে উৎসবমুখর পরিবেশে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। পুরো শ্রীমঙ্গল শহর এখন স্লোগান আর মিছিলে মুখরিত। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে বর্ণাঢ্য মঞ্চ।

প্রধানমন্ত্রী আজ দুপুর ১টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় রোগীদের সুচিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তার চেকও প্রদান করবেন।

এর আগে সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি শ্রীমঙ্গলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নতুন গতি আসবে।

মানবকণ্ঠ/ডিআর