Image description

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই মেগা উদ্যোগের প্রধান লক্ষ্য। বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না এবং এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

একই সভায় চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সচিব জানান, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এলএনজি ও তেল আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে, যার ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শিখিয়েছে যে তেল কেনার প্রচলিত পদ্ধতিগুলো এখন পর্যালোচনা করা দরকার।

এছাড়া সভায় কৃষি খাতের চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মানবকণ্ঠ/ডিআর