Image description

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের পুশ ইন কার্যক্রমের ফলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যা সীমান্ত এলাকায় অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

সাইফুল হক বলেন, পুশ ইন করা অনেক মানুষকে সীমান্তের শূন্য রেখা বা নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে তাদের মধ্যে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বৈধ নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক পুশ ইন করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থী।

বিবৃতিতে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং সীমান্তবাসীর নিরাপত্তাহীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে এই ধরনের কার্যক্রম বন্ধ এবং সীমান্তে মানবাধিকার রক্ষার আহ্বান জানানো হয়।

সাইফুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে পুশ ইন এবং সহিংসতার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানবকণ্ঠ/আরআই