Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি সম্পন্ন করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে ১.৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দিয়েছিলেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের দাবি, ওবামা প্রশাসন চুক্তিতে পৌঁছানোর জন্য অর্থের বিনিময়ে সমঝোতা করেছিল। তিনি বলেন, ওই অর্থ একটি বোয়িং ৭৫৭ বিমানে করে ইরানে পাঠানো হয়েছিল এবং এটি ছিল মূলত ‘ঘুষ’।

এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সমঝোতার অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলার তহবিল দেওয়ার খবরও নাকচ করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেবে না এবং কোনো ধরনের বিনিয়োগ পরিকল্পনাও নেই।

তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে বলে জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প বলেন, ইরানের আচরণ সন্তোষজনক না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি বর্তমানে একটি সমঝোতা স্মারক (এমওইউ) পর্যায়ে রয়েছে। তবে তিনি এটিকে ‘খুব শক্তিশালী’ সম্ভাব্য চুক্তি হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প আরও আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি পুনরুদ্ধার হবে।

মানবকণ্ঠ/আরআই