Image description

সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠন করা হলে বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, আর সেই দাবির ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই শুধু সংশোধনের জন্য আলাদা কমিটি প্রয়োজন নেই, এটি নিয়মিত সংসদীয় কাজের অংশ।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সংসদে কার্যকর না হলে রাজপথে আন্দোলনের পথ বেছে নেওয়া হতে পারে। জনগণের দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংসদের ভূমিকা নিয়ে শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা যৌক্তিক বিষয়ে সমর্থন দেবে এবং প্রয়োজন হলে সরকারের সমালোচনা করবে, তবে জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড তারা করবে না। প্রয়োজনে ওয়াকআউট করলেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেও জানান তিনি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত ইস্যু ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের নোটিশ গ্রহণ না করে আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

তিনি আরও জানান, সংসদে ব্যয় ও কার্যকারিতা বিবেচনায় অপ্রয়োজনীয় বক্তব্য এড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং তারা জনগণের স্বার্থে কাজ করতে চান।

সভায় বিরোধীদলীয় উপনেতা ও অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।