সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়ার খবর প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্টারপোলের প্রকাশিত ওয়ান্টেড তালিকায় রয়েছেন ৬০ জন বাংলাদেশি নাগরিক। বিশ্বব্যাপী এই তালিকায় মোট ৬ হাজার ৪৪৪ জন পলাতক আসামির নাম রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ব্যক্তির সংখ্যা প্রকাশিত তালিকার চেয়ে আরও বেশি। নিরাপত্তাজনিত কারণে সংস্থাটি সব রেড নোটিশধারীর নাম প্রকাশ করে না। তবে এসব নোটিশ সদস্যভুক্ত দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হলেও তার নাম ইন্টারপোলের প্রকাশিত ওয়ান্টেড তালিকায় নেই। বিশেষজ্ঞদের মতে, কোনো আসামি যাতে সহজে গা-ঢাকা দিতে না পারে বা তদন্তে বিঘ্ন না ঘটে, সে কারণে অনেক সময় নাম প্রকাশ করা হয় না।
বর্তমানে প্রকাশিত তালিকায় থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে হত্যা, মানব পাচার, জালিয়াতি, মুদ্রা জালিয়াতি, অস্ত্র, যৌন নির্যাতন, চোরাচালান ও অর্থ তছরুপসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে খুঁজছে বিদেশি রাষ্ট্র এবং বাকিদের খুঁজছে বাংলাদেশ সরকার।
বিদেশি দেশগুলোর চাহিদাভুক্ত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামি চাঁদপুরের রাজু ঢালী, ঢাকার মো. মিলন, নোয়াখালীর মিজান মিয়া এবং লিটন ব্যাপারী। মুদ্রা জালিয়াতির অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে খুঁজছে ভারত। এছাড়া মালয়েশিয়া, মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম ও ইসওয়াতানিসহ বিভিন্ন দেশও একাধিক বাংলাদেশির সন্ধান চেয়েছে।
অন্যদিকে বাংলাদেশ সরকারের চাহিদাভুক্তদের মধ্যে রয়েছেন একাধিক হত্যা মামলার আসামি, মানব পাচারকারী চক্রের সদস্য, অস্ত্র মামলার আসামি, জালিয়াতি ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি। দেশের বিভিন্ন জেলা থেকে এসব আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। বরং এটি সদস্য রাষ্ট্রগুলোর কাছে একজন পলাতক আসামির অবস্থান শনাক্ত ও তাকে আটক করার অনুরোধ। এরপর সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ বা আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা। বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশ এর সদস্য। আন্তর্জাতিক অপরাধ দমন, তথ্য বিনিময় এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় করে থাকে সংস্থাটি।




Comments