বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম বা পোশাক আবারও পুরোনো ‘গাঢ় নীল’ এবং ‘হালকা জলপাই (অলিভ)’ রঙে ফিরে যাচ্ছে। তবে এবার সব পুলিশ সদস্যের প্যান্টের রঙ খাকি নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে সরকার।
পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এই গেজেটে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে হালকা জলপাই। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ হবে খাকি। এছাড়া র্যাব, সিআইডি, এসবি, এপিবিএন এবং এসপিবিএন-এর পোশাক আগের মতোই থাকবে, অর্থাৎ তাদের ইউনিফর্ম এই পরিবর্তনের আওতামুক্ত।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কারের দাবি ওঠে। এরই অংশ হিসেবে পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি জানানো হয়। যার প্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি তৎকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের জন্য 'লোহা (আয়রন)' রঙের পোশাক নির্ধারণ করা হয় এবং ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা নতুন সেই পোশাক পরে মাঠে নামেন।
তবে নতুন ওই আয়রন রঙের পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেই ব্যাপক অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটি নিয়ে ট্রল হওয়ায় অনেকেই অস্বস্তি বোধ করেন।
পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ২৪ ফেব্রুয়ারি পোশাক পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি তাদের বিবৃতিতে উল্লেখ করে, তড়িঘড়ি করে নেওয়া আগের সিদ্ধান্তে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রঙ এবং দেশের আবহাওয়ার বিষয়টি উপেক্ষা করা হয়েছিল। এছাড়া অন্য বাহিনীর ইউনিফর্মের সঙ্গে ওই পোশাকের হুবহু সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে চেনা কঠিন হয়ে পড়েছিল।
পুলিশ সদস্যদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই শেষ পর্যন্ত আবারও আগের সেই পরিচিত গাঢ় নীল ও হালকা জলপাই রঙের পোশাকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মানবকণ্ঠ/আরআই




Comments