রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার সময় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই এলাকাটিকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে এবং এখানকার অপরাধীদের সমূলে নির্মূল করা হবে।"
তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার আগের যেকোনো সরকারের তুলনায় অনেক বেশি গতিতে কাজ করছে, যা এরই মধ্যে জনগণের কাছে দৃশ্যমান হয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে মন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করায় তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, "একসময় মানুষের ধারণা ছিল পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে নির্বাচিত সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং তাদের হারানো ইমেজ ফিরে পেয়েছেন।" প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপই আজ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে বলে জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments