নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২১ জুন) রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগরিবের নামাজের জন্য অজু করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ওই চার শিক্ষার্থী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, নিহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। তিনি আরও বলেন, আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments