Image description

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ও চাপের মুখে কমিটি দেওয়াকে কেন্দ্র করে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধারের সময় এক বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোকলেছুর রহমান মুকুল, পলাশ এবং আশরাফের সরাসরি হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ জুন) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত মুকুল, পলাশ ও আশরাফ নামের এই ব্যক্তিরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও ছুরিকাঘাত করে এই হত্যাকাণ্ড ঘটায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী মারা যান। আহত সালাউদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বলেন, স্কুলের কমিটি গঠন নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। অভিযোগ পেলেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।