Image description

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর থেকে বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানে পৌঁছান।

প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-কে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দালিয়ানের শাংগ্রি-লা হোটেল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।

এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে রওনা দেন।

চীনে অবস্থানকালে তিনি দুই দিনের কর্মব্যস্ত সূচি পালন করবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিউ চ্যাম্পিয়নস সামার দাভোস ২০২৬-এ অংশ নেবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের “সোনালি ৫০ বছর” উপলক্ষে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর বলেও জানানো হয়েছে।

এছাড়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।