দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সব এলাকায় সমানভাবে বৃষ্টি না হলেও চার বিভাগের কিছু কিছু স্থানে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বজ্রঝড় বা থান্ডারস্টর্মের সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে গ্রাফিক্যাল আকারে সতর্কবার্তা প্রকাশ করা হয়, যেখানে সংশ্লিষ্ট জেলার নাম উল্লেখ থাকে। জনসাধারণকে নিয়মিত এসব আপডেট অনুসরণ করার পরামর্শও দেন তিনি।
২৪ ঘণ্টার পূর্বাভাস
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।




Comments