Image description

চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর আধুনিক ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের যথাযথ টেকসই উন্নয়নে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে’ তিনি চীন সরকারের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, ২০০৫ সালের সমঝোতা স্মারক এবং বিগত দিনে চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের ওপর ভিত্তি করে এই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর হবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌ-নেভিগেশনের উন্নয়নে চীনের অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করলে চীনা মন্ত্রী তা স্বাগত জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই