Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এ সংবর্ধনা দেয়।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন। এর মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম অগ্রাধিকার। মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা এই হাসপাতাল। তাই এখানে বিদ্যমান অনিয়ম ও দুর্বলতা দ্রুত দূর করতে হবে। রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব।

তিনি বলেন, কোনো রোগী যদি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢাকায় পাঠাতে বাধ্য হন, তাহলে সেটি হাসপাতালের সক্ষমতার ঘাটতিরই প্রমাণ। হাসপাতালের দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।