দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪ জন। ফলে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি গত সাড়ে তিন মাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ বা সন্দেহজনক হাম ধরা পড়েছে। তবে আশার কথা হলো, ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের (১০৭ জন) তুলনায় কমে ৪৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে।
হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ২৮৭ জন।
নথি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা অনেক বেশি—৬১৫ জন। সব মিলিয়ে নিশ্চিত এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণহানি এখন ৭০৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments