প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন (VEON)-এর চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের ডিজিটাল সেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব শ্রেণিপেশার মানুষের হাতে ডিজিটাল প্রযুক্তি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্মার্টফোন বাজারজাত করার উদ্যোগ নিতে আহ্বান জানান, যাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের হাতেও সহজে স্মার্টফোন পৌঁছানো যায়।
একই সঙ্গে সাধারণ গ্রাহকদের স্বার্থে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করতে ভিওন চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে সুলভ মূল্যে ইন্টারনেট প্রাপ্তি অপরিহার্য।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম; প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ; ভিওন-এর বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।
মানবকণ্ঠ/ডিআর




Comments