Image description

রাজশাহীতে চুরির অভিযোগে চার যুবককে একটি যুবদল নেতার কার্যালয়ে আটকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে আহত অবস্থায় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে নগরীর শাহমখদুম থানার আলিফ-লাম-মীম ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হুমায়ুন কবির (মিম), মো. আলিফ, আবদুস সামাদ ও দেবের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, সিগারেট চুরির সন্দেহে স্থানীয় লোকজন তাদের ধরে রাজশাহী মহানগর যুবদলের সদস্য শাকিলুর রহমান রনের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে শাটার বন্ধ করে মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়। পরে তাদের চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তবে শাকিলুর রহমান দাবি করেন, ঘটনার সময় তিনি কার্যালয়ে ছিলেন না। পরে এসে পুলিশকে খবর দেন এবং চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহমখদুম থানার ওসি মো. কবির হোসেন বলেন, চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নির্যাতনের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।