দৌলতদিয়া ফেরিঘাটে বসছে আধুনিক সিসিটিভি ও কন্ট্রোল রুম: নৌ প্রতিমন্ত্রী
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা নিশ্চিত ও ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রতিটি ঘাটে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
প্রতিমন্ত্রী বলেন, “যাত্রী ও যানবাহনের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রতিটি ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মুখে স্থায়ী ব্যারিয়ার নির্মাণ করা হবে। একইসঙ্গে সার্বক্ষণিক নজরদারির জন্য একটি আধুনিক কন্ট্রোল রুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে ঘাট ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।”
দৌলতদিয়া ঘাটের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঘাট এলাকা রক্ষায় স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি বিশেষ প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত ও বাস্তবায়িত হলে ফেরিঘাটসহ আশপাশের এলাকা স্থায়ীভাবে ভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments