Image description

ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানকে ঘিরে একটি কথিত অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটি নিজের নয় বলে দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে এক নারী ও এক পুরুষকে একটি কক্ষে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অনেকেই দাবি করছেন, ভিডিওতে থাকা ব্যক্তি ওবায়দুর রহমান। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়ে থাকতে পারে। তিনি আরও দাবি করেন, অতীতেও বিদেশে পাঠানোর নামে নারীদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। 

এক স্থানীয় নেতা জানান, ভিডিওটি নিয়ে দুই দিন আগে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কীভাবে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না।

অভিযোগের বিষয়ে ওবায়দুর রহমান বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, ভাইরাল হওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটি তার নয়।

আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ওবায়দুর রহমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি আগে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন বলে শুনেছেন, তবে ভাইরাল ভিডিও সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেননি।

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন বলেন, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।