Image description

জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী, ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক তিনটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক ও মাদক নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন নাভী’র সাথে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তিতে মানবিক সমস্যার বিষয়টি তুলে ধরেন। এছাড়া দুই মন্ত্রী মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।

ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল এনগুয়েন ভ্যান লং-এর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা, কনস্যুলার সেবা এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে কথা বলেন। এছাড়া মানবপাচার ও আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সাথে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের আহ্বান জানান তিনি। আন্ডার সেক্রেটারি জেনারেল ডিকার্লো আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশের গঠনমূলক ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, এই বৈঠকগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে।

মানবকণ্ঠ/ডিআর