স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে। এসব আবেদন ২৭ আগস্ট পর্যন্ত নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্ট সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই ভোটার তালিকা চূড়ান্ত করা হচ্ছে।




Comments