Image description

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের সব গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১০ জুলাই) রাতে জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী আদালতে সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও বার্তা গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি সম্প্রচার কিংবা ধারণকৃত আকারে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

তথ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করে, দেশের গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

মানবকন্ঠ/এসএস