বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে ১৩ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামের একটি পাকা সড়কের পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দোপাড়া হিন্দুপাড়ার বাসিন্দা দলু চন্দ্র মালি তাঁর বাড়ির পাশে রাস্তার ধারে মূর্তিটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শিবগঞ্জ থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কালো পাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ২২ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৯ ইঞ্চি। এর মোট ওজন ১৩ কেজি ৬৫০ গ্রাম।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments