Image description

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আহত বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মামুন ভুঁইয়া (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মহাখালীর একটি গেস্টহাউজে দুজনের দেখা হয়। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিউটি আক্তার ছুরিকাঘাত করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুজনের মধ্যে পূর্বপরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে নিহতের স্বজনরা জানান, মামুন সম্প্রতি রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং গ্রামের বাড়িতে অবস্থান করছেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।