বৈরী আবহাওয়া ও বন্যার কারণে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছি। যেসব কেন্দ্রে পানি ওঠার কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তার একটি সঠিক পরিসংখ্যান বা জরিপ আমাদের কাছে আসার পর প্রয়োজনবোধে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে চট্টগ্রাম বোর্ডে আমরা এ ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।"
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, "শিক্ষার্থীদের চেয়েও সরকার বেশি উদ্বিগ্ন যে কীভাবে এই দুর্যোগ মোকাবিলা করে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আমরা নিয়মিত পরিস্থিতি মনিটরিং করছি। যেখানেই কেন্দ্রে পানি ওঠার খবর পাচ্ছি, সেখানেই তাৎক্ষণিক কেন্দ্র সরিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্থানীয় প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে।"
শিক্ষামন্ত্রী আরও জানান, এ পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজের মাঠ ডুবে যাওয়ার বিষয়টি সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে এসেছিল। এছাড়া অন্যান্য যেসব জায়গায় পানি উঠেছিল, তা খুব বেশি নয় এবং সাথে সাথে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, "শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, তাদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী প্রয়োজনে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য আলাদা প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করব।"
মানবকণ্ঠ/ডিআর




Comments