Image description

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছান স্পিকার।

সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তাটি তাঁর হাতে তুলে দেন। স্পিকার এসময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পাশাপাশি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। একটি সংক্ষিপ্ত সরকারি সফর শেষে তিনি বুধবার রাতে ঢাকা প্রত্যাবর্তন করেন।

মানবকণ্ঠ/ডিআর