বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে ইশতেহার বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, এই সরকার সবসময় জনগণের কাছে দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতা থেকেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বৈশ্বিক রাজনীতি ও গণতন্ত্রের সংকট নিয়ে আলোকপাত করে মির্জা ফখরুল বলেন, "বর্তমানে সারাবিশ্বেই গণতন্ত্র অনেকটা হুমকির মুখে। তবে আমরা সবসময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি এবং সেই চর্চাকেই এগিয়ে নিতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকার সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দেয়।"
বিশ্বের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতিতে একটি অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব থেকে আমাদের অর্থনীতিকে রক্ষা করা চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।"
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট বুদ্ধিজীবী ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments