Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি তাদের সংখ্যাধিক্যের জোরে কর্তৃত্ববাদী মানসিকতা পোষণ করছে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নীলফামারী জেলা শহরের আল হেলালস্থ জেলা জামায়াত কার্যালয়ে উপজেলা পর্যায়ের কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৫ কোটি মানুষ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সমর্থন দিলেও বিএনপি সেই গণভোটকে উপেক্ষা করছে। তাদের এই কর্তৃত্ববাদী আচরণ দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।" তিনি আরও অভিযোগ করেন, বিএনপি 'জুলাই সনদ' বাস্তবায়ন না করে সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে, যা দেশকে চরম সংঘাতের দিকে ধাবিত করছে।

জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক ও আদর্শিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মানবকণ্ঠ/ডিআর