Image description

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। 

বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

ব্যারিস্টার মোশাররফ হোছাইন এর আগে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, সিআইডির বিভিন্ন ইউনিট, ডিএমপি, সিএমপি, র‌্যাব ও পুলিশ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন।