Image description

ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এ হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পিএমএফ জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির এ সংখ্যা প্রাথমিক। মাঠপর্যায়ের মূল্যায়ন শেষে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৭২ ঘণ্টায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও সৌদি বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। হামলায় পিএমএফের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক যান ও অস্ত্রভান্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, এই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দেশটির সরকার পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করেছে। পাশাপাশি হামলার প্রভাব ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।