দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের।
এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন একজন। চট্টগ্রামে নতুন রোগী ২৩৮ জন, মৃত্যু তিনজনের। সিলেটে ১৬৫ জনের উপসর্গ শনাক্ত হয়েছে, মারা গেছেন একজন।
এ ছাড়া খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে।
বিএইচ

