বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা বিভিন্ন হয়রানিমূলক ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন হাজার হাজার মানুষ। এ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে এই তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।
অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী প্রশ্ন তোলেন যে, বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ এখনও হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তির কোনো নির্দিষ্ট রোডম্যাপ আছে কি না, তা তিনি জানতে চান।
এর জবাবে সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করেছে। এর অংশ হিসেবে গত ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আইনমন্ত্রী জানান, জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত গভীরভাবে পর্যালোচনা করে। মামলাটি প্রকৃতপক্ষেই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটি পরিচালনার কোনো প্রয়োজনীয়তা আছে কি না এবং মামলাটি চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না—সেসব বিষয় বিবেচনা করে তারা সুপারিশ করে থাকে।
এরপর জেলা কমিটির সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমন্বিতভাবে তা বাস্তবায়নের জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। যথাযথ আবেদন এবং কমিটির সুপারিশের ভিত্তিতে হয়রানিমূলক প্রমাণিত হওয়া মামলাগুলো প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান তিনি।
ডিআর

