ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজনে ওই ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। এছাড়া মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় পৃথক ‘মিডিয়া সেল’ গঠন করা হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনামূলক পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী মোবাইল কোর্টের অভিযানে ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জেএম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি জেলা পর্যায়ের মিডিয়া সেলেও পাঠাতে হবে।
অভিযানে জব্দ করা মালামাল যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থান নির্ধারণ করতে বলা হয়েছে। মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে। নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার তৈরি করে তথ্য লিপিবদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি মাসে তাতে প্রতিস্বাক্ষর করবেন। তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার মতো মালামাল বিধিবিধান অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করতে হবে।
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলার শুনানি পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটরদের (পিপি), অতিরিক্ত পিপি বা সহকারী পিপিদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরপ্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে ‘মোবাইল কোর্ট সহকারী’ বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় আগামী এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করবে।
মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেট এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা তথ্য অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যুক্ত থাকবেন। এই সেল ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।
নতুন এই নির্দেশনার মাধ্যমে মোবাইল কোর্টের পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে সংশ্লিষ্টরা করছেন।
ডিআর

