দুর্নীতি মামলায় দণ্ড পাওয়ার পর পাঁচ বছর ধরে রাজনীতির বাইরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নির্বাহী আদেশে সাময়িক মুক্তির প্রায় তিন বছর পার হলেও তাকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি। রাজনীতি না করলেও আলোচনায় আছেন তিনি। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই তার। তবে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি না তা নিয়ে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বক্তব্যে তার রাজনীতির প্রসঙ্গটি ফের আলোচনায় আসে।
৭৬ বছর বয়সি খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন। ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়। দণ্ড স্থগিত হওয়ায় তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা ধরনের মন্তব্য। ‘রাজনীতি না করার শর্তে খালেদা জিয়ার মুক্তি মিলেছে’ বলে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা বিভিন্ন সময় দাবিও করেছেন। আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বলেন, রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে। তবে গত কয়েক দিনে সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইনগত বাধা কোথায় থাকে? উনি নির্বাচন করতে পারবেন না। তার কারণ উনি দণ্ডিত। রাজনীতি করতে পারবেন না, এ রকম কথা তো কোথাও নেই। বাস্তব অবস্থা হলো তিনি তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করিয়েছিলেন। কারণ তিনি অসুস্থ-এটা মনে রাখতে হবে। এখন বাস্তব অবস্থাটা কী সেটাও আপনারা জানেন।
তিনি বলেন, বাস্তব অবস্থা হচ্ছে, তার যে আবেদনটা, তার ভাই যে আবেদনটা করেছেন; সে আবেদনের মধ্যে বলা আছে, তিনি গুরুতর অসুস্থ। তার যদি আরও ভালো চিকিৎসা না হয় তার জীবন বিপন্ন হতে পারে। যখন তাকে মানবিক কারণে প্রধানমন্ত্রী সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন কি না সেটা আমি বারবার আপনাদের বলছি, সেটা আপনারা দেখেন বিবেচনা করে। স্বাভাবিকভাবে মানুষ মনে করেন তিনি অসুস্থ, রাজনীতি করতে পারবেন না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পজিশন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি পরিষ্কারভাবে বলেছি, অসুস্থতার গ্রাউন্ডে দুটি শর্ত দিয়ে তাকে (খালেদা জিয়া) মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করা থেকে বন্ধ (বিরত) থাকতে হবে, এরকম শর্ত সেটার মধ্যে ছিল না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে, কারও এই স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা ঠিক নয়। আইনমন্ত্রী আরও বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন মানুষ, তিনি কী করবেন, সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাকে ৪০১ ধারায় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে মুক্তি দেওয়া হয়েছিল। তাকে অসুস্থ হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল। সেখানে আমরা কখনো লিখে রাখিনি যে তিনি রাজনীতি করতে পারবেন না। আইনমন্ত্রী বলেন, রাজনীতি করতে বাধা নেই খালেদা জিয়ার, তবে অংশ নিতে পারবেন না আগামী নির্বাচনে।
আইনমন্ত্রীর এই বক্তব্যের একদিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও একই ধরনের মন্তব্য করেন। গত ২০ ফেব্রুয়ারি বিকালে ঢাকায় অমর একুশে বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া বিএনপির নেতা হিসেবে যদি রাজনীতি করতে চান, সে ক্ষেত্রে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেটি মেনে করতে হবে।
এরপর গত ২২ ফেব্রুয়ারি কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক জানান, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। তিনি জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এ ক্ষেত্রে বর্তমান নির্বাচনি আইনে যা আছে, তা-ই মানতে হবে। এখানে সরকার বা নির্বাচন কমিশনসহ কারও কিছু করার নেই।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আইনমন্ত্রী ও তথ্য মন্ত্রী পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়ার রাজনীতি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, উনি নির্বাচন করতে পারবেন না। তার কারণ উনি দণ্ডিত। রাজনীতি করতে পারবেন না, এ রকম কথা তো কোথাও নেই। বাস্তব অবস্থা হলো তিনি অসুস্থ হওয়ার কারণে দণ্ডাদেশ স্থগিত করা হয়েছিল। এটা মনে রাখতে হবে। স্বাভাবিক মানুষ মনে করে তিনি অসুস্থ হওয়ায় রাজনীতি করতে পারবেন না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পজিশন। খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি পরিষ্কার করে বললাম। ওনাদের যদি এতটা দরকার হয় তাদের আইজীবীর কাছে চিঠি লিখে জিজ্ঞেস করুক। তারা যদি ব্যর্থ হয় আমার কাছে জিজ্ঞেস করতে বলেন।
তবে দণ্ড স্থগিতের শর্ত অনুযায়ী খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তাকে শর্তসাপেক্ষে ঘরে থাকার অনুমতি দিয়েছে তার স্বাস্থ্য বিবেচনায়। তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দিয়েছে। শর্তে বলা হয়েছে, তিনি ঘরে থেকে চিকিৎসা নেবেন। অন্য কোনো কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করবেন না, সেটি বলা আছে। সুতরাং তার রাজনীতি করতে পারারও কথা নয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ ছাড়া বিষয়টি নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি আইনমন্ত্রী যে বক্তব্য দেন পরের দিন তার অনুরূপ বক্তব্য দিলেও খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির মামলায় খালেদা জিয়ার দণ্ড দিয়েছেন আদালত। তিনি সেই দণ্ড থেকে মুক্তি পাননি। মানবিক কারণে সরকার তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। তা হলে তার রাজনীতি করার প্রশ্ন আসে কোথা থেকে? দণ্ডিত একজন কয়েদি হিসেবে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় হননি। রাজনীতির পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই তিনি রাজনীতি করবেন।
প্রসঙ্গত, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী, দুই বছরের দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সংসদ নির্বাচনে অযোগ্য হবেন। সেই সঙ্গে সাজা ভোগ শেষে পাঁচ বছর পার করার পরই নির্বাচনে অংশ নিতে পারবেন।

