বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের লোকেরাই আগুন লাগিয়ে বেড়াচ্ছে এবং তাদের উদ্দেশ্য বিএনপির চলমান আন্দোলন থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়া। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সরকার ব্যর্থ হয়েছে, কোনো কিছু মনিটর করে না। প্রতিদিন সবখানে আগুন লাগছে। জনদাবিগুলো পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টিকে ভিন্নদিকে নেওয়ার জন্য সরকার এই আগুন লাগিয়ে বেড়াচ্ছে।
এসব ঘটনার জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপি। কিছু হলে বিএনপি, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। নিউমার্কেটের ব্যবসায়ীরা নিজেরাই বলে দিল প্রথমে যে, তারা নিজে চোখে দেখেছে সকাল বেলা সাড়ে ৫টার সময় সিটি করপোরেশনের পোশাক পরে কয়েকজন লোক এসেছে। মার্কেটের সামনের যে ফুটওভার ব্রিজ ছিল, সেই ফুটওভার ব্রিজ ভেঙে দেওয়ার জন্য তারা গ্রিল নিয়ে সেখানে সেই ব্লক কেটে দিয়ে সিঁড়িগুলো ভেঙে দিচ্ছিল। তারা যখন লাগাতে গেছে ওই গ্রিলের তার পয়েন্টে, সেই পয়েন্টে শর্টসার্কিট হয়েছে। ব্যবসায়ীরা নিজেরা দেখেছেন। তারা আগুন নেভানোরও চেষ্টা করেছেন। আগুন নেভাতে যখন পারেনি তখন সিটি করপোরেশনের ওই লোকগুলো পালিয়ে গেল। এটা আমার কথা নয়, এসব সেখানকার ব্যবসায়ীদের কথা। সিটি করপোরেশের দায়িত্বে আছেন এখন কে? সিটি করপোরেশনের দায়িত্বে আছেন আপনারা, আওয়ামী লীগ। তাই দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এবং এই সরকারের। ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এ দেশের মানুষের সহ্যের একটা সীমা আছে। আজকে খুব স্পষ্ট কথা, অবিলম্বে এই সারের দাম কমাতে হবে আবার আগের জায়গায় আনতে হবে।
সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ হয়। অবিলম্বে সারের মূল্য হ্রাস এবং ধানের দাম বৃদ্ধির দাবি জানান ফখরুল। কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে কৃষকদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

