হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার বিকালে বাসায় ফিরবেন। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার কথা থাকলেও খালেদা জিয়া এতে সায় দেননি বলে জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।
তিনি সময়ের আলোকে বলেন, খালেদা জিয়া ভালো আছেন এটা বলা যাবে না। তার মাল্টিপুল অ্যাডভান্স ডিজিজ সেন্টারে চিকিৎসা জরুরি। এখন মাঝেমধ্যে ব্লিডিং হচ্ছে। মস্তিষ্কে একটি টিউব লাগানো প্রয়োজন। যা দেশে সম্ভব নয়।
এই চিকিৎসক জানান, খালেদা জিয়ার অ্যান্ডোসকপির রেজাল্ট সন্তোষজনক আসেনি। রেজাল্ট অনুযায়ী সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধের পরিবর্তনসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে যতটুকু করা সম্ভব তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। অধ্যাপক সাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড আগে থেকে তার এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে তার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, ওনার কিছু শারীরিক অসুস্থতা, হার্টের জটিলতা, লিভারের জটিলতা এবং কিডনির জটিলতা এগুলো ছিল, আছে।
জাহিদ জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন-অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক ও অধ্যাপক সাদেকুল ইসলাম।
এ ছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে রয়েছেন বলে জানান তিনি।
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে সার্বক্ষণিকভাবে দেখাশোনা করছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান সবসময় খোঁজ রাখছেন বলে জানান অধ্যাপক জাহিদ। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান।
৭৭ বছর বয়সি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি এবং লিভারসহ নানা রোগে ভুগছেন।
অসুস্থতার মধ্যে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। পরে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ারে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে হঠাৎ জ্বর আসায় চিকিৎসকদের পরামর্শে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে তাকে ভর্তি করানো হয়।

