প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিডের পর যখন কিছুটা উত্তরণ ঘটাচ্ছি তখনই আসল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে শুধু আমাদের দেশ নয় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, খাদ্য ঘাটতি দেখা দেয়।
শুক্রবার (২৩ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, একসময় এ দেশের মানুষের নুন-ভাত জুটাতে কষ্ট হতো। তারা একটু নুন-ভাত চাইতো। তারপরে আসলো ডাল-ভাত। অন্তত মানুষকে আমরা এমন পর্যায়ে আনতে পেরেছি যে, এখন নুন-ভাত, ডাল-ভাত নয়, মাংস পাচ্ছে না সেটা নিয়ে কথা আসছে। অন্তত নুন-ভাত, ডাল-ভাত থেকে মানুষের চাহিদা তো মাংসতে উঠেছে। আমি জানি, মাংসের দাম বেড়েছে। কিন্তু মানুষের মাংস-ভাত খাওয়ার যোগ্যতা বা সেই সামর্থ্য সেটা তো স্বীকার করতে হবে। অন্তত এই জায়গা আনতে পেরেছি। চাহিদা তো বাড়াতে পেরেছি। বাড়াতে যেহেতু পেরেছি পূর্ণ করতে পারব। এতে কোনো সন্দেহ নেই।
শেখ হাসিনা বলেন, ২০১৯-২০ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ৮ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু কোভিডের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলে আসে। চলাচল বন্ধ, সেই মন্দার আঘাত আমাদের উপরেও আসে। সেখান থেকে আমরা যখন কিছুটা উত্তরণ ঘটাচ্ছি তখনই আসল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। স্যাংশন কাউন্টার স্যাংশন। শুধু আমাদের দেশ নয় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, খাদ্য ঘাটতি।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মানুষ উপলব্ধি করেছে, সরকার জনগণের সেবক। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। জনগণের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না। ৭৫’র পর থেকে নির্বাচনে কারচুপির সংস্কৃতি তৈরি হয়। জনগণের সম্পদ বেচবে, লুটপাট করবে, এটা এই দেশের মানুষ মেনে নেয়নি। ১৯৯৬ সালে ভোট চুরির কারণে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করে জনগণ। ২০০৭ সালেও পাতানো নির্বাচনের মাধ্যমে বিএনপি ভোট চুরির ষড়যন্ত্র করছিল। এজন্য জনগণ দ্বারা বিতাড়িত হয়।
তিনি আরও বলেন, পলাশীর আম্রকাননে যেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, আওয়ামী লীগের হাতে সেটি ফের উদয় হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে। যখন সংগঠনটি হয়, তখনো আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার দায়ে জেলে ছিলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুষ্ঠু পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ শুরু হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে অনেক কথা বলেন। কেউ বলেন, কিছুই নাকি হয়নি। তাদের বলতে চাই, বিএনপি ক্ষমতায় থাকতে কোথায় ছিল দেশ? আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জানি বৈশ্বিক পরিস্থিতিতে মানুষের একটু কষ্ট যাচ্ছে। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অনেক চক্রান্ত আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে জনগণের জন্য; জনগণের সেবা করতে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি পাওয়াই অনেক কষ্টসাধ্য। মাঝখানে কয়লা না থাকায় রামপাল-পায়রা বন্ধ হয়ে যায়। ফলে মানুষকে বিদ্যুৎ সংকটে পড়তে হয়।
এ সংকট আগামী দিনে আর না হওয়ার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, যখন রামপাল কয়লাভিত্তিক কেন্দ্র করতে যাই, তখন তো অনেকে প্রতিবাদে আন্দোলন করেছিল। কিন্তু কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধের সময়, তখন তারা আনন্দ মিছিল করেন কেন? তারা জানে, সেটা করতে গেলে মানুষ পিটিয়ে চ্যাপটা করে ফেলবে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আক্তার জাহান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।
